হাম ছড়ানোর পর ঘরে ঘরে টিকা: ১৫ লাখ শিশুর হিসাব এত দিন কোথায় ছিল?

আগাম প্রস্তুতির বদলে সংকটের পর তৎপরতা; কর্মপরিকল্পনা, সময়সীমা ও চিকিৎসা প্রস্তুতি নিয়ে স্পষ্ট জবাব নেই

সংক্রামক রোগ ঠেকানোর মূল কৌশল আগাম প্রস্তুতি ও নিয়মিত টিকাদান। অথচ হাম ছড়িয়ে পড়ার পর এখন বাড়ি বাড়ি গিয়ে টিকাবঞ্চিত শিশু খোঁজার কথা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, দেশে এখনো প্রায় ১৫ লাখ শিশু টিকার বাইরে। এত বড় ঘাটতি কীভাবে তৈরি হলো এবং কেন আগে তা দূর করা হলো না, সে প্রশ্নের জবাব মেলেনি।

গতকাল দেওয়া বক্তব্যে মন্ত্রী জানান, বাকি শিশুদের টিকার আওতায় আনতে ‘ডোর টু ডোর’ কার্যক্রম চলছে। তিনি বলেন, “আমরা আশা করি ইমিউনাইজেশনের পরে বাচ্চাগুলি ভ্যাকসিন দেওয়া হলে এটা কমে আসবে ইনশাল্লাহ।”

জানা থাকলে আগে কেন নয়, অজানা থাকলে নজরদারি কোথায়?

১৫ লাখ শিশুর টিকাবঞ্চিত থাকার বিষয়টি দুই দিক থেকেই উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগ যদি আগে থেকেই এটি জানত, তাহলে প্রাদুর্ভাবের আগে কেন এসব শিশুকে টিকা দেওয়া হয়নি? আর যদি জানা না থাকে, তাহলে জাতীয় টিকাদান কর্মসূচির তথ্য সংগ্রহ ও নজরদারি ব্যবস্থা কতটা দুর্বল, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।

নিয়মিত টিকাদান কর্মসূচির তথ্যভান্ডারে প্রতিটি শিশুর অবস্থান ও টিকার অবস্থা সংরক্ষিত থাকার কথা। বাদ পড়া শিশুদের তালিকা করে তাদের আবার কর্মসূচিতে ফিরিয়ে আনা মাঠপর্যায়ের নিয়মিত কাজেরই অংশ। সেই ব্যবস্থা কার্যকর থাকলে ঘাটতি এত বড় হওয়ার কথা নয়।

প্রত্যাশা আছে, পরিকল্পনা কোথায়?

ঘরে ঘরে অভিযান যে এখন প্রয়োজন, তা নিয়ে দ্বিমত নেই। কিন্তু মন্ত্রীর বক্তব্যে অভিযানের রূপরেখা অনুপস্থিত। কার্যক্রম কবে শেষ হবে, কোন সময়ের মধ্যে কতজন শিশুকে টিকা দেওয়া হবে, জেলাভিত্তিক লক্ষ্যমাত্রা কী এবং অগ্রগতি কীভাবে তদারকি ও প্রকাশ করা হবে এর কোনোটিই জানানো হয়নি। পর্যাপ্ত টিকা ও মাঠকর্মী আছে কি না, সে বিষয়েও কিছু বলা হয়নি।

জনস্বাস্থ্য সংকটে শুধু প্রত্যাশা যথেষ্ট নয়। দরকার সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা, পর্যাপ্ত টিকা ও জনবল এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন।

‘আগের চেয়ে আরো সিরিয়াসলি’ তাহলে আগে?

বক্তব্যের শেষ দিকে মন্ত্রী বলেন, “আমাদের ডাক্তাররা এখন আগের চেয়ে আরো সিরিয়াসলি ট্রিটমেন্ট দিচ্ছে।” আশ্বাস হিসেবে বলা এই বাক্যই নতুন প্রশ্ন তৈরি করেছে। আগে কি হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি? যদি ঘাটতি থেকে থাকে, তার কারণ কী এবং দায় কার?

হামের চিকিৎসায় দ্রুত রোগ শনাক্ত, পর্যাপ্ত শয্যা, অক্সিজেন, ওষুধ, পুষ্টি সহায়তা ও জটিলতা ব্যবস্থাপনা জরুরি। চিকিৎসকেরা বেশি গুরুত্ব দিচ্ছেন এমন মন্তব্যের বদলে হাসপাতালের সক্ষমতা কতটা বাড়ানো হয়েছে এবং মৃত্যুঝুঁকি কমাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

পর্যালোচনা ছাড়া সমাধান অসম্পূর্ণ

নতুন অভিযান শুরু করলেই অতীতের ব্যর্থতা মুছে যায় না। কোন পর্যায়ে নজরদারি ভেঙে পড়েছিল এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করেছে কি না, তার স্বচ্ছ পর্যালোচনা না হলে একই সংকট আবার ফিরে আসতে পারে।

টিকা প্রতিটি শিশুর অধিকার, আর তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। হাম ছড়ানোর পর ঘরে ঘরে যাওয়া জরুরি; কিন্তু তার চেয়েও জরুরি ছিল হাম ছড়ানোর আগেই প্রতিটি ঘরে টিকা পৌঁছে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *