ধানখেত পাহারায় গিয়েছিলেন কৃষক, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হয় সড়কে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। এ সময় তাঁর দুটি হাত বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে ছিল। আজ বুধবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামের কালিছড়ি ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত কৃষকের নাম নেজাম উদ্দিন (৫০)। তিনি সরফভাটা ইউনিয়নের মীরেরখিল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে। কৃষিকাজের পাশাপাশি এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রতিবেদনে উঠে এসেছে, মীরেরখিল কালিছড়ি ব্রিজসংলগ্ন মাতব্বর বাড়ির পাশে পাকা ধানখেত রয়েছে নেজাম উদ্দিনের। বন্যহাতির আক্রমণ থেকে সেই পাকা ধানখেত রক্ষায় পাহারা দেওয়ার উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার বিকেলে ঘর থেকে বের হন তিনি। আজ সকালে তিনি না ফেরায় স্বজনেরা তাঁকে খুঁজতে বের হন। এর একপর্যায়ে ধানখেতের প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পিচঢালা সড়কের মাঝখানে নেজামের রক্তাক্ত লাশ খুঁজে পান স্বজনেরা। লাশের পাশেই নেজামের বিচ্ছিন্ন দুটি হাতও পড়ে ছিল।

নিহত নেজাম উদ্দিনের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, ‘আমার ভাই একজন নিরীহ চাষি ও দিনমজুর ছিলেন। তাঁকে কেন, কী কারণে এমন নৃশংসভাবে খুন করা হলো, তা আমরা বুঝতে পারছি না।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, লাশ দেখে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কেটে নেজাম উদ্দিনের দুটি হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। দুই হাত কনুই পর্যন্ত কেটে ফেলায় দীর্ঘক্ষণ রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওসি আরও বলেন, কী কারণে, কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *