নতুন অধিদপ্তর গঠন নিয়ে মন্ত্রী ও মন্ত্রণালয়ের বক্তব্যে ভিন্নতা

স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন একটি অধিদপ্তর গঠনের প্রস্তুতি চলছে পুরোদমে কমিটি হয়েছে, সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। অথচ মন্ত্রণালয়ের শীর্ষ রাজনৈতিক দায়িত্বে থাকা স্বাস্থ্যমন্ত্রী বলছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এই বৈপরীত্য মন্ত্রণালয়ের ভেতরের সমন্বয় নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে এক সভায় ‘Department of Primary Health Care (DPHC)’ নামে নতুন অধিদপ্তর গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের উপস্থিতিতে গঠিত হয় সাত সদস্যের একটি কমিটি। ২০ কর্মদিবসের মধ্যে নতুন অধিদপ্তরের রূপরেখা, জনবল কাঠামো, ক্যারিয়ার পরিকল্পনা ও কার্যপরিধি নির্ধারণ করতে বলা হয়েছে কমিটিকে।

কিন্তু বিষয়টি জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল সাফ বলে দেন, ‘কোনো অধিদপ্তর হবে না, আমি জানি না এই ব্যাপারে। উনাকে জিজ্ঞেস করবেন, আমি জানি না।’

পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং বিদ্যমান স্বাস্থ্যকর্মীদের একটি কাঠামোর আওতায় একীভূত করার কথা রয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার এ উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক কিন্তু এত বড় কাঠামোগত সিদ্ধান্তে মন্ত্রী নিজেই অন্ধকারে থাকলে তা প্রশাসনিক জবাবদিহির জন্য অশনিসংকেত।

প্রশ্ন উঠছে, মন্ত্রণালয়ে কি তবে দুটি সমান্তরাল সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র তৈরি হয়েছে? একদিকে মন্ত্রী বলছেন অধিদপ্তর হচ্ছে না, অন্যদিকে সচিবের সভাপতিত্বে গঠিত কমিটি কাজ করছে রূপরেখা নিয়ে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও মন্ত্রীর অবস্থানের এই স্পষ্ট বৈপরীত্য প্রশাসনিক সমন্বয়হীনতারই ইঙ্গিত দিচ্ছে।

এমন উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন বিপুল অর্থ, দক্ষ ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি নীতিগত সিদ্ধান্ত। স্বচ্ছতা ও সমন্বয়ের ঘাটতি থাকলে এটি নতুন প্রশাসনিক জটিলতা, পদ-পদবি নিয়ে বিরোধ এবং নিয়োগ-বাণিজ্যের ঝুঁকি ডেকে আনতে পারে আর সেই খেসারত শেষ পর্যন্ত দিতে হবে সাধারণ রোগীকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *