ঢামেকে দালাল-ল্যাব সিন্ডিকেটের দাপট: মন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবতা কতটুকু?

চিকিৎসকের রুম থেকেই দালালের হাতে প্রেসক্রিপশন, ১৫ মিনিট পরপর নমুনা যাচ্ছে পান্থপথ-গ্রিন রোডের গোপন ল্যাবে; প্রশাসনের নীরবতায় প্রশ্নের মুখে স্বাস্থ্যমন্ত্রীর সংস্কারের অঙ্গীকার।

চিকিৎসা নিতে এসে অসহায় রোগীরা জিম্মি হয়ে পড়ছেন এক অদৃশ্য সিন্ডিকেটের হাতে আর সেই দৃশ্যপট খোদ দেশের বৃহত্তম সরকারি চিকিৎসাকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক)। সামর্থ্যহীন মানুষের শেষ ভরসা এই প্রতিষ্ঠানটির ভেতরেই গড়ে উঠেছে পরীক্ষার নমুনা বা স্যাম্পল পাচারের এক ভয়ংকর সমান্তরাল ব্যবসা। হাসপাতালের নিজস্ব প্যাথলজি ল্যাব সচল থাকা সত্ত্বেও, একশ্রেণির চিকিৎসক ও দালালদের যোগসাজশে রোগীদের রক্ত ও অন্যান্য নমুনা রাতের আঁধারে চলে যাচ্ছে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে।

সংরক্ষিত ওয়ার্ডেও দালালদের দাপট, চিকিৎসকের রুম থেকে সরাসরি হাতবদল অনুসন্ধানে দেখা গেছে, ঢামেকের জরুরি বিভাগ থেকে শুরু করে মেডিসিন, সার্জারি ও গাইনি সব ওয়ার্ডই এখন দালালদের দখলে। নিয়ম অনুযায়ী রাতের বেলায় গাইনি ওয়ার্ডে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও, রাত ১১টায় চিকিৎসকদের কক্ষের ভেতরেই বহিরাগত যুবকদের অবাধ বিচরণ দেখা গেছে। রোগীর স্বজনদের হাতে চিকিৎসকের লেখা পরীক্ষার স্লিপ পৌঁছানোর মুহূর্তেই তা ছোঁ মেরে নিয়ে নিচ্ছে এসব দালাল।

রাত যত গভীর হয়, এই বাণিজ্য ততই বেপরোয়া রূপ নেয়। ভোররাত ৩টার দিকে এক প্রসূতি রোগীর স্বামীর কাছ থেকে পরীক্ষার কথা বলে ২ হাজার ৪৫০ টাকা আদায় করতে দেখা গেছে চক্রের এক সদস্যকে। অসহায় স্বজনদের দাবি, চিকিৎসকদের সরাসরি নির্দেশেই তারা বাধ্য হয়ে দালালদের হাতে টাকা ও স্যাম্পল তুলে দিচ্ছেন। সরকারি হাসপাতালের ভেতরে চিকিৎসকের কক্ষ থেকে কীভাবে বহিরাগতরা রোগীর গোপনীয় নথি ও নমুনা সংগ্রহের সাহস পায়, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।

বাইরে থেকে তালাবদ্ধ, ভেতরে রাতভর চলে রিপোর্ট তৈরির কারখানা ঢামেক থেকে সংগৃহীত এসব নমুনা চলে যাচ্ছে পান্থপথ ও গ্রিন রোডের নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টারে। মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যে ‘জরুরি রিপোর্ট’ হাতে দেওয়ার প্রলোভন দেখিয়ে রোগীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি অর্থ।

অনুসন্ধানে দেখা যায়, গ্রিন রোড ও পান্থপথ এলাকার একটি ভবনের মূল ফটক বাইরে থেকে বন্ধ রাখা হলেও ভেতরে পুরোদমে চলছে ল্যাবের কার্যক্রম। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ঢাকা মেডিকেল থেকে প্রতি ১৫ মিনিট পরপরও সেখানে নমুনা পৌঁছায়। কোনো ধরনের সুরক্ষা বা তাপমাত্রা নিয়ন্ত্রণ ছাড়াই এভাবে নমুনা পরিবহন এবং মানহীন ল্যাবে পরীক্ষার ফলে ভুল রিপোর্ট আসার ঝুঁকি তৈরি হচ্ছে। আর একটি ভুল রিপোর্টের ওপর ভিত্তি করে দেওয়া চিকিৎসায় রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

নিজস্ব কাউন্টার জনশূন্য, দায় এড়াচ্ছে হাসপাতাল প্রশাসন সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যেসব পরীক্ষার জন্য রোগীদের বাইরে পাঠানো হচ্ছে, তার সব কটিই ঢামেকের নিজস্ব প্যাথলজি বিভাগে করার ব্যবস্থা রয়েছে। অথচ অনুসন্ধানের সময় হাসপাতালের নির্ধারিত নমুনা সংগ্রহ কাউন্টারটি প্রায় ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ হোসেন জানান, হাসপাতালে সব পরীক্ষার ব্যবস্থা আছে এবং বাইরে নমুনা পাঠানোর কোনো তথ্য তার জানা নেই। তবে প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। হাসপাতাল প্রশাসনের নাকের ডগায় নিয়মিত স্যাম্পল পাচার হলেও কর্তৃপক্ষের এমন অজ্ঞতা প্রশাসনিক নজরদারির চরম ব্যর্থতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

স্বাস্থ্যমন্ত্রীর সিন্ডিকেটবিরোধী লড়াই কি তবে কেবলই বুলি? স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়ার যে কঠোর হুঁশিয়ারি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী দিয়ে আসছেন, ঢামেকের এই চিত্র সেই অঙ্গীকারকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দেশের শীর্ষ সরকারি হাসপাতালেই যদি এমন প্রকাশ্য বাণিজ্য চলে, তবে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর অবস্থা যে আরও ভয়াবহ, তা বলার অপেক্ষা রাখে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কেবল অবকাঠামো বা বাজেট বাড়ানো নয়, বরং সরকারি হাসপাতালে আসা প্রতিটি রোগীর নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা। ঢামেকের এই নমুনা পাচারের পেছনে থাকা অসাধু চিকিৎসক, কর্মচারী ও বাইরের ল্যাব মালিকদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এখন সময়ের দাবি। তা না হলে, সিন্ডিকেটবিরোধী সব প্রতিশ্রুতি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *