নেতৃত্ব পরিবর্তন প্রশ্নে বিভক্ত আইসিডিডিআর,বি, অভিযোগ এক বিজ্ঞানীর ভূমিকা নিয়ে
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর পরিচালনা পর্ষদের (বোর্ড অব ট্রাস্টিজ) সভাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি অনুযায়ী, বর্তমান নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার প্রক্রিয়ার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করছেন প্রতিষ্ঠানটির মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের (এমসিএইচডি) বিজ্ঞানী ডা. আহমদ এহসানূর রহমান।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদের সঙ্গে ডা. আহমদ এহসানূর রহমানের পেশাগত সম্পর্কের অবনতি ঘটেছে। অভিযোগ উঠেছে, ডা. এহসানূর রহমান প্রতিষ্ঠানের ভেতরে একটি নিজস্ব বলয় তৈরি করেছেন এবং বর্তমান নির্বাহী পরিচালকের বিরুদ্ধে বিগত সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাকে পদ থেকে সরানোর তৎপরতা চালাচ্ছেন।
সম্ভাব্য উত্তরসূরি ও ট্রাস্টি বোর্ড নিয়ে প্রশ্ন সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, ডা. তাহমিদ আহমেদের স্থলে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের ইমেরিটাস সায়েন্টিস্ট ডা. শামস এল আরেফিনকে দায়িত্বে আনার প্রচেষ্টা চলছে। তবে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের একটি অংশের দাবি, ডা. শামস এল আরেফিনের পরিবারের একাধিক সদস্যও বিগত ক্ষমতাসীন দলের প্রথম সারির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ফলে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একজনকে সরিয়ে একই ধরনের পটভূমির আরেকজনকে শীর্ষ পদে আনার উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠানের ভেতরেই প্রশ্ন উঠেছে। পাশাপাশি, ট্রাস্টি বোর্ডে ডা. গোলাম মহিউদ্দিন খান সাদিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়েও অভ্যন্তরীণ মহলে আলোচনা-সমালোচনা রয়েছে, যার নেপথ্যেও ডা. এহসানূর রহমানের প্রভাব কাজ করেছে বলে সূত্রগুলো দাবি করছে।
নীতিনির্ধারক ও পেশাজীবী সংগঠনের অবস্থান সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নীতিনির্ধারকদের একটি অংশ আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক পদের জন্য হেলথ সিস্টেমস অ্যান্ড পপুলেশন স্টাডিজ ডিভিশনের এইচআইভি ও এইডস প্রোগ্রামের প্রধান ডা. মো. শরিফুল ইসলাম খানকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহল এবং প্রতিষ্ঠানটির অভ্যন্তরের বড় একটি অংশ চাইছে ডা. শরিফুল ইসলাম খান অথবা আন্তর্জাতিক পর্যায়ের যোগ্য কোনো গবেষককে এই দায়িত্বে আনা হোক।
অভ্যন্তরীণ সংকটের আশঙ্কা আইসিডিডিআর,বি-র একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, নীতিনির্ধারক মহল ও সাধারণ গবেষকদের মতামত উপেক্ষা করে ডা. আহমদ এহসানূর রহমান ভিন্ন রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে ডা. শামস এল আরেফিনকে পদে বসানোর যে চেষ্টা চালাচ্ছেন, তা সফল হলে প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী অন্তর্কোন্দল তৈরি হতে পারে। এটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই গবেষণা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম, দাতা সংস্থার আস্থা ও ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
